বিনোদন ডেস্ক : ‘রামায়ণ’ সিনেমার এক ঝলক মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। নীতেশ তিওয়ারির মেগাবাজেট সিনেমার ভিএফএক্স, ট্রিটমেন্ট নিয়ে যত না চর্চা, তার থেকেও বেশি লাইমলাইটে অভিনেতার ‘রাম’র লুক নিয়ে।আগামী অক্টোবরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তার সাত মাস আগে থেকেই ‘রামায়ণ’-এর প্রচার শুরু করেছেন রণবীর।এমন সময়ে কাপুরদের পরিবারে ও তাদের ভক্তমহলের জন্য নতুন সুখবর এসেছে।বিশ্বজুড়ে টাইমস-এর একশো প্রভাবশালীর তালিকায় জায়গা পেয়েছেন রণবীর।আর এই কারণে স্বামীকে নিয়ে গর্বিত অভিনেত্রী আলিয়া ভাট।২০২৬ সালের প্রভাবশালীদের তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে উঠে এসেছে রণবীর কাপুরের নাম।স্ত্রী আলিয়ার নামের সঙ্গে বছর দুয়েক আগেই এমন স্বীকৃতির যুক্ত হয়েছিল। চব্বিশ সালের টাইমস-এর প্রভাবশালীদের তালিকায় নাম উঠেছিল আলিয়ার।
বুধবার এ বছরের তালিকা প্রকাশের পরেই বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আলিয়া ভাট। স্বামীর সাফল্যে গর্বিত অভিনেত্রী সামাজিকমাধ্যমে রণবীর কাপুরের ছবি দিয়ে ‘বেবি’ সম্বোধন করেন। সঙ্গে এই অভিনেত্রী লেখেন, ‘কী সুন্দর লাগছে তোমাকে’। তবে অর্ধাঙ্গিনী হিসেবে এমন সাফল্যের দিনে স্বামীর কাছে বায়না ধরার সুযোগও হাতছাড়া করেননি আলিয়া।
ওই পোস্টেই সেই ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। যেখানে স্বামীকে জানানো শুভেচ্ছা বার্তার পাশে যুক্ত করে দিয়েছেন ‘আইসক্রিম’ ইমোজি। অর্থাৎ কাপুরবধূ যে আইসক্রিম প্রেমী সেকথা ঘনিষ্ঠজনদের অনেকেরই জানা। সেই ভালোবাসার টানেই এক একটি আইসক্রিম প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনী মুখও হয়েছিলেন তিনি। এবার স্বামীর কাছে আইসক্রিম খাওয়ানোর বায়নাই হয়তো ধরলেন আলিয়া।




