১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

তীব্র পেট ব্যথা ও বমি উপেক্ষা করে দারুণ খেললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : বয়স যে কেবলই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করলেন ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো।
বুধবার রাতে সৌদি প্রো লিগে আল ইত্তিফাকের বিপক্ষে আল নাসরের ১-০ ব্যবধানের জয়ে শারীরিক অসুস্থতা নিয়েও মাঠ কাঁপিয়েছেন এই পর্তুগিজ তারকা।ম্যাচ শেষে জানা গেছে, তীব্র পেট ব্যথা ও ক্লান্তি নিয়েই পুরো ম্যাচ খেলেছেন তিনি।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আল নাসর কোচ হোর্হে জেসুস রোনালদোর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি জানান, ‘আমি ওকে দলে না রাখার কথা ভাবছিলাম কারণ ও ভালো বোধ করছিল না। পেটে ব্যথা আর ক্লান্তিতে ভুগছিল ও।
ইনজুরি টাইমে যখন ওকে তুলে নেওয়া হলো, ও সরাসরি ড্রেসিংরুমে চলে যায় এবং সেখানে গিয়ে বমি করে।’
নিজে গোল না পেলেও দলের একমাত্র গোলটিতে সরাসরি অবদান ছিল সিআরসেভেনের।
ম্যাচের আধঘণ্টা পরেই রোনালদোর নেওয়া একটি দূরপাল্লার শট আল ইত্তিফাক গোলরক্ষক মারেক রোডাক ঠেকিয়ে দিলেও ফিরতি বলে গোল করেন কিংসলে কোমান। এছাড়া ম্যাচের এক পর্যায়ে রোনালদোর একটি শট পোস্টে লেগে ফিরে আসে এবং অন্য একটি প্রচেষ্টা গোললাইন থেকে ক্লিয়ার করেন প্রতিপক্ষ ডিফেন্ডার।
এই জয়ের ফলে সৌদি প্রো লিগে টানা ১৫ ম্যাচ জয়ের রেকর্ড গড়ল আল নাসর। বর্তমানে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে থেকে টেবিলের শীর্ষে রয়েছে তারা। যদিও আল হিলালের হাতে একটি ম্যাচ বেশি রয়েছে। ২০১৮-১৯ মৌসুমের পর এই প্রথম লিগ শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে রোনালদোদের সামনে।ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে রোনালদো দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘গ্যালারি থেকে দারুণ এনার্জি পেয়েছি।’
চলতি মৌসুমে রোনালদোর লিগ গোল ২৪টি। বর্তমানে তিনি সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন; শীর্ষে থাকা আল আহলির ইংলিশ ফরোয়ার্ড ইভান টনির চেয়ে মাত্র ৩ গোল পিছিয়ে তিনি।
উল্লেখ্য, গত দুই মৌসুমেই লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এই পর্তুগিজ কিংবদন্তি।

আরও পড়ুন