অনলাইন ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও এশিয়ান হাইওয়ে তিন মহাসড়কের বিভিন্ন অংশে সড়ক দুর্ঘটনা ও যানবাহন বিকলের ঘটনায় ভোর থেকে প্রায় ১০ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে কর্মস্থলগামী মানুষ ও দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাজ উদ্দিন।সূত্র জানায়, গভীর রাতে মহাসড়কের পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনা এবং একটি যানবাহন বিকল হয়ে পড়লে যান চলাচলে বিঘ্ন ঘটে।এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা থেকে সাইনবোর্ড পর্যন্ত এবং ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী থেকে কাঁচপুর সেতু এলাকা পর্যন্ত দীর্ঘ যানজট ছড়িয়ে পড়ে। এই দুই মহাসড়কের যানজটের কারণে সড়কে ভোগান্তিতে পড়ে এশিয়ান হাইওয়েতে চলাচলকারী যানবাহনগুলো।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের ধীরগতি দেখা যায়, যা একপর্যায়ে দীর্ঘ যানজটে রূপ নেয়। এতে শত শত যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে।
ঈদের ছুটির পরে শুক্রবারেও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান খোলা থাকায় যানজটে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলগামী মানুষ। দীর্ঘ সময় স্থির হয়ে থাকায় যাত্রীদের ভোগান্তি বাড়ার পাশাপাশি জ্বালানি ব্যয়ও বৃদ্ধি পায় বলে পরিবহন সংশ্লিষ্টরা জানান।
হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাজ উদ্দিন বলেন, গভীর রাতে দুর্ঘটনা ও একটি যানবাহন বিকল হয়ে পড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকল যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে।
বর্তমানে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে উঠছে।




