অনলাইন ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ইসমাইল হোসেন (২৫) নামে এক তরুণ তার চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন। ইসমাইল উপজেলার মুক্তাপুর গ্রামের আবুল হারিছের ছেলে। বুধবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার বড় চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বুধবার ইসমাইল হোসেন তার বসতঘরের পেছনে মাটি ভরাটের কাজ করছিলেন।এ সময় একই বাড়ির জয়নাল আহমদের ছেলে লোকমানের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লোকমান ও তার সহযোগীরা ইসমাইল হোসেনের ওপর ছুরিকাঘাত করে। এতে ইসমাইল হোসেন ও তার মা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে ইসমাইলের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।





