অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৌদি আরবে আটকে পড়েছিল রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। যুদ্ধবিরতির সুযোগে বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে আটটায় নোঙর তুলেছে লাল-সবুজের পতাকাবাহী জাহাজটি।বাংলাদেশি ৩১ জন নাবিক প্রায় ৩৭ হাজার টন সার নিয়ে রাস আল খাইর বন্দর থেকে নতুন গন্তব্যে যাত্রা শুরু করেছেন। তবে তাদের গন্তব্য হতে পারে দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক বা ব্রাজিল।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, জাহাজটি হরমুজ প্রণালির দিকে যাচ্ছে। প্রায় ৪০ ঘণ্টা চালানোর পর হরমুজ প্রণালিতে ইরানের আইজিআরসির সঙ্গে কথা বলবে।পারমিশন পেলেই হরমুজ প্রণালি পার হয়ে যাবে। তিনি বলেন, জাহাজটির পরবর্তী গন্তব্য তিনটি হতে পারে।
দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক বা ব্রাজিল। জাহাজটি যারা ভাড়া নিয়েছেন তারা আমাদের জানিয়ে দেবেন কোন গন্তব্যে যাবে।
সূত্র জানায়, জাহাজটির বর্তমান গতিবেগ ঘণ্টায় ৮ দশমিক ৩০ নটিক্যাল মাইল। জাহাজটির ড্রাফট (জাহাজের পানির নিচের অংশ) ১০ দশমিক ৮০ মিটার।
এক প্রশ্নের উত্তরে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক জানান, আমাদের জাহাজ সৌদি আরবে অপেক্ষমাণ থাকলেও আমরা প্রতিদিন ভাড়া পেয়েছি। নাবিকদের প্রতিদিন ১২ ডলার করে দিয়েছি। তারা যাতে মানসিকভাবে ভেঙে না পড়েন সে জন্য স্টার লিংক যুক্ত করা হয়েছে পরিবারের সঙ্গে কথা বলার জন্য। পর্যাপ্ত রসদ ও জ্বালানি রয়েছে জাহাজে।
ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে ঢুকেছিল ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে যায় জাহাজটি। এর পরদিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালায়। এ সময় জাহাজটির খুব কাছেই একটি মিসাইল বা ড্রোন আঘাত হানে। তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে নাবিকদের মধ্যে। গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে জাহাজের পণ্য খালাস শেষ হয়। এরপর কুয়েতের একটি বন্দরে পণ্য বোঝাই করার শিডিউল ছিল। তবে ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদে জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি। সে অনুযায়ী জাহাজটি হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করলেও ঝুঁকির কারণে আগের জায়গায় নিরাপদ আশ্রয়ে অবস্থান নেয়।





