মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরে এক জামায়াত নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে খামারের কর্মচারীকে জিম্মি করে এ লুটপাট সংঘটিত করে দুর্বৃত্তরা।খামারের মালিক এস.এম আবু হেনা কায়সার জানান, তিনি হাইতকান্দি ইউনিয়নের বাসিন্দা হলেও দুই বছর ধরে পাশের ইউনিয়ন ওয়াহেদপুরে কর্মচারী রেখে খামার পরিচালনা করছেন। খামারে মোট ৫ লাখ টাকার ৪০টি ছোট-বড় ছাগল ছিল। মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে কয়েকজন ধারালো অস্ত্রধারী ব্যক্তি গাড়ি নিয়ে এসে খামারের কর্মচারীকে জিম্মি করে সব ছাগল নিয়ে যায়। এ সময় তারা সিসিটিভি ক্যামেরা ও খাদ্যের কিছু বস্তাও সঙ্গে নিয়ে যায়।
খামারের কর্মচারী নুরুল আফছার বলেন, ‘ছাগলের ডাক শুনে আমি ছুটে যাই। তারা আমাকে অস্ত্রের মুখে বেঁধে সব ছাগল নিয়ে গেছে। পরে আমাকে গাড়িতে করে কিছুটা দূরে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে দিয়েছে এবং বলেছে, তুই বাড়ি চলে যা, এখানে আর থাকবি না।’
খামার মালিক জানিয়েছেন, বিষয়টি তিনি মৌখিকভাবে স্থানীয় নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছেন। প্রয়োজনে লিখিত অভিযোগ দাখিল করার কথাও উল্লেখ করেছেন।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আইসি জাকির হোসেন বলেন, ‘মধ্যম ওয়াহেদপুরে এক খামারে কর্মচারীকে বেঁধে ছাগল নিয়ে যাওয়ার অভিযোগ পেয়েছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’





