মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই উপজেলা জুড়ে তীব্র তেল সংকট দেখা দিয়েছে। শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে, অধিকাংশ স্টেশনেই তেল সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও সাধারণ গ্রাহকরা। বিশেষ করে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান সড়কেই আটকে পড়েছে, যার ফলে সৃষ্টি হয়েছে যানজট ও পরিবহন সংকট।উপজেলার বড়দারোগারহাট রংধনু পেট্রোল পাম্প, নিজামপুর রেদোয়ান ফিলিং স্টেশন, বড়তাকিয়া মিরসরাই ফিলিং স্টেশন, সুফিয়ারোড় গুলিস্তান ফিলিং স্টেশন, মিঠাচড়া গাঙচিল ফিলিং স্টেশন, ঠাকুরদীঘি চলমান সিএনজি পাম্প, চৈতন্যেরহাট সোনাপাহাড় ফিলিং স্টেশন, মস্তাননগর মডেল পাম্প, ফেবো ফিলিং স্টেশন, বারৈয়ারহাট মাঈন উদ্দিন ফিলিং স্টেশন ও বারৈয়ারহাট রূপনগর ফিলিং স্টেশনসহ প্রায় সবগুলো পাম্পেই তেল সরবরাহ বন্ধ বা সীমিত আকারে দেওয়া হচ্ছে।মিঠাচড়া বাজারে গাংচিল ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, অকটেনের জন্য মোটরসাইকেলের দীর্ঘ সারি। তবে প্রতিটি মোটরসাইকেলে মাত্র ১০০ টাকার অকটেন দেওয়া হচ্ছে, যা দিয়ে অনেকেই গন্তব্যে পৌঁছাতে পারছেন না।এদিকে মিরসরাই ফিলিং স্টেশন, চলমান সিএনজি পাম্প ও রূপনগর ফিলিং স্টেশনে অকটেন মজুদ থাকা সত্ত্বেও সরবরাহ বন্ধ রাখার অভিযোগ করেছেন গ্রাহকরা।
মেহেদী হাসান নামের একজন গ্রাহক বলেন, চলমান সিএনজি পাম্পে অল্প কিছুক্ষন অকটেন দিয়ে তেল থাকা সত্বেও বন্ধ করে দিলো। ফলে অন্তত ২০০শ ও অধিক মোটরসাইকেল আটকা পড়েছে এই পাম্পে।মিরসরাই ফিলিং স্টেশনের সামনে দাড়িয়ে থাকা এক পণ্যবাহী ট্রাক চালক জসিম উদ্দিন বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু তেল পাচ্ছি না। মাল নিয়ে রাস্তায় আটকে আছি, এতে আমাদের বড় ক্ষতি হচ্ছে।আবদুল আউয়াল নামের এক মোটরসাইকেল চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, ১০০ টাকার তেল দিয়ে কী হবে? পাম্পে তেল আছে, তবুও দিচ্ছে না এটা আমাদের সাথে অন্যায়।তবে পাম্প কর্তৃপক্ষরা বলছেন, সরবরাহ সংকটের কারণেই তারা তেল দিতে পারছেন না। নতুন করে তেল না আসা পর্যন্ত স্বাভাবিক সরবরাহ চালু করা সম্ভব নয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, আমরা পাম্পগুলো নিয়মিত তদারকি করছি। কোন পাম্পের বিরুদ্ধে কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।





