৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফাইনাল নিশ্চিত, ট্রফি নিয়েই ফিরব: কিরণ

অনলাইন ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দে এগোচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টের শুরুতেই ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে দিয়ে শক্ত বার্তা দেয় লাল-সবুজের মেয়েরা। এরপর দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছে অর্পিতা বিশ্বাসদের দল।বাংলাদেশের এই টানা সাফল্যে উজ্জীবিত বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।দলের সঙ্গে থেকে নিয়মিত ফুটবলারদের অনুপ্রাণিত করছেন তিনি। নেপালের বিপক্ষে বুধবারের ম্যাচের আগে দলের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী কিরণ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন বাংলাদেশ শুধু ফাইনালই খেলবে না, দেশে ফিরবে শিরোপা নিয়েই।
মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঠানো এক ভিডিও বার্তায় কিরণ বলেন, ‘আমি মনে করি আমাদের বাংলাদেশ টিম অনেক ভালো অবস্থানে আছে। প্রথম ম্যাচে ভুটানের সঙ্গে ওরা অনেক ভালো খেলেছে এবং অনেক গোল করেছে।এরপর গতকাল ইন্ডিয়ার সঙ্গে ফার্স্ট হাফে হাড্ডাহাড্ডি লড়াই ছিল। তারপরও দুই গোল করেছে। সেকেন্ড হাফে গোল না হলেও ভালোভাবেই খেলেছে।’
ভারতের বিপক্ষে বাংলাদেশের দুই গোলই এসেছে প্রথমার্ধে।অর্পিতা বিশ্বাস ও আলপি আক্তারের নৈপুণ্যে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ এবং ২-০ গোলের জয় নিশ্চিত করে। সেই জয়েই বাংলাদেশ পৌঁছে যায় ফাইনালের দোরগোড়ায় বরং এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়ে যায় ফাইনাল।কিরণ বলেন, ‘আগামীকালও নেপালের সঙ্গে খেলা। আমার বিশ্বাস নেপালের সঙ্গে খুব ভালোভাবেই জিতবে।’
দলের ভেতরের পরিবেশ এবং মানসিক প্রস্তুতির দিকেও আলাদা গুরুত্ব দিচ্ছেন নারী উইং চেয়ারম্যান।তিনি জানান, ‘প্রতিদিনই তিনি দলের কাছে যাচ্ছেন এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলছেন যাতে তারা আরও আত্মবিশ্বাসী থাকে।’ কিরণ বলেন, ‘আমি প্রতিদিনেই টিমের কাছে যাচ্ছি টিমকে ইনস্পায়ারড করার জন্য।’
বাংলাদেশের পয়েন্ট পরিস্থিতি বিবেচনায় ফাইনাল নিশ্চিত বলেই মনে করছেন কিরণ। এমনকি শেষ ম্যাচে হারলেও বাংলাদেশ ফাইনালে উঠবে এ কথাও তুলে ধরেন তিনি। বাংলাদেশ এখন ছয় পয়েন্টে আছে। বাংলাদেশ আগামীকাল যদি হেরেও যায়, তাও তারা ফাইনালে যাবে, বলেন কিরণ।
তার ধারণা, ফাইনালে বাংলাদেশ-ভারত মুখোমুখি হওয়াটাই সবচেয়ে সম্ভাব্য। আর সেখানেই মেয়েরা আরও ভালো খেলবে বলে বিশ্বাস করেন তিনি। কিরণ বলেন, ‘আমার বিশ্বাস ফাইনালে বাংলাদেশ এবং ইন্ডিয়া যাবে। ইন্ডিয়াকে আমরা আরেকবার পাবো। এবং আমার বিশ্বাস ফাইনালে মেয়েরা অনেক ভালো খেলবে এবং চ্যাম্পিয়ন ট্রফি নিয়েই আমরা দেশে ফিরব।’
কিরণ শেষ পর্যন্ত কৃতিত্ব দিয়েছেন দল, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টাকে। তিনি বলেন, ‘ধন্যবাদ আমাদের মেয়েদেরকে, কোচিং স্টাফদেরকে। সবাই সম্মিলিত এফোর্ট দিয়েই এখানে ভালো রেজাল্ট নিয়ে আসছে।’বাংলাদেশের পরবর্তী ম্যাচ বুধবার নেপালের বিপক্ষে। ফাইনাল নিশ্চিত হলেও সেই ম্যাচকে গুরুত্ব দিয়েই দেখছে টিম ম্যানেজমেন্ট কারণ শিরোপার আগে আত্মবিশ্বাস ও ছন্দ ধরে রাখাই এখন মূল লক্ষ্য।

আরও পড়ুন