১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পেয়েছেন ২৪৫ ভোট, তবু কৃতজ্ঞতায় মাইকিং

অনলাইন ডেস্ক: হোছনেয়ারা বেগম। জামালপুর-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে মাত্র ২৪৫ ভোট পেয়েছেন। তবু শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। গত ১৬ ফেব্রুয়ারি রাতে জামালপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় মাইক হাতে নিয়ে ঘুরে ঘুরে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হোছনেয়ারা বলেন, যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ।আর যারা দেননি, তাদের প্রতিও শ্রদ্ধা রইল। আপনাদের রায় আমি সাদরে গ্রহণ করছি। নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদেরও ধন্যবাদ জানাই।হোছনেয়ারা বেগম জামালপুর শহরের ডাকপাড়া এলাকার বাসিন্দা।
তিনি পেশায় উপসহকারী কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। জামালপুর-৫ (সদর) আসনে হোছনেয়ারা ৯ জন প্রার্থীর সঙ্গে (হরিণ প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মাত্র ২৪৫ ভোট পান তিনি। প্রয়োজনীয় ভোট না পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, জামালপুর-৫ আসনে বিএনপির প্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলী (মামুন) ১ লাখ ৯৯ হাজার ৩৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মুহাম্মদ আব্দুস সাত্তার পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২০১ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী হোছনেয়ারা বেগম পেয়েছেন ২৪৫ ভোট।মাইকিং করার বিষয়ে হোছনেয়ারা বেগম বলেন, জয়-পরাজয় নয়, মানুষের ভালোবাসাই আমার কাছে সবচেয়ে বড়। তাই আমি নিজেই রাস্তায় নেমে ভোটারদের ধন্যবাদ জানিয়েছি।
প্রাপ্ত ভোট এবং বিশেষ করে প্রবাসীদের সমর্থনে আমি আনন্দিত ও গর্বিত। যারা তাকে ভোট দিয়েছেন বা দেননি—সবার প্রতিই কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন হোছনেয়ারা।

আরও পড়ুন