বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা তার বর্ণাঢ্য ক্যারিয়ারে অনেক কিছুই পেয়েছেন। সেই অনন্য অর্জনের মধ্যে একটি হলো বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে একটি চিঠি।২০০৩ সালে ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে ‘মনের মাঝে তুমি’ সিনেমাটি দেখে মুগ্ধ হয়ে পূর্ণিমাকে শুভেচ্ছা স্বরূপ সেই চিঠিটি দিয়েছিলেন তিনি।
স্মরণীয় সেই চিঠি নিয়ে পূর্ণিমা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সে সময় চিঠিতে ‘মনের মাঝে তুমি’র সকল অভিনয়শিল্পীদের নাম উল্লেখ করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন।তিনি লিখেছিলেন, ‘এরকম সিনেমা নিয়মিতভাবেই নির্মাণ হওয়া উচিত। আমরা যেন আমাদের ভালো কাজের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে পারি’, সেই কামনাও ব্যক্ত করেছিলেন তিনি।
তার এই উদারতা আমাদের সিনেমা সংশ্লিষ্ট সবাইকে মুগ্ধ করেছিল।পূর্ণিমা বলেন, ‘তখন তো সামাজিকমাধ্যমের যুগ ছিল না।
সে সময় আমার মা পরিচিত সব সাংবাদিকদের চিঠিটি দেখিয়েছিলেন’।
পূর্ণিমার জীবনের এসব অজানা অনেক গল্প তিনি শেয়ার করেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ তে। শনিবার (১১ এপ্রিল) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে এই বিশেষ পডকাস্ট।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে পূর্ণিমা অকপটে স্বীকার করেছেন, রায়হান রাফী পরিচালিত ‘দহন’ এবং ‘প্রেশার কুকার’ সিনেমায় তিনি প্রস্তাব পেয়েছিলেন। এমনকি ‘দহন’ সিনেমায় সাইন-ও করেছিলেন তিনি। কেন তিনি এই দুটি সিনেমায় পরবর্তীতে অভিনয় করেননি, সেই ব্যাখ্যা তিনি দিয়েছেন পডকাস্টে।
পূর্ণিমার ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘এ জীবন তোমার আমার’-এর নায়িকা হিসেবে পূর্ণিমা পরিচালক জাকির হোসেন রাজুর প্রথম পছন্দ ছিল না। কোন জনপ্রিয় নায়িকার স্থলাভিষিক্ত হয়ে নায়িকা জীবন শুরু করেছেন পূর্ণিমা, সেই সিক্রেটটিও জানিয়েছেন তিনি।




