অনলাইন ডেস্ক: চট্টগ্রামের পতেঙ্গা থানার তালতলা এলাকায় লাইসেন্স ছাড়া অকটেন মজুত করার অভিযোগে জয়নাল আবেদিন নামে এক ব্যবসায়ীকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রায় ২ হাজার ৪৮০ লিটার অকটেন জব্দ করা হয়েছে। পতেঙ্গার তালতলা এলাকার ‘হাফেজ মোবারক আলী শাহ ট্রেডার্স’-এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা।অভিযান সূত্রে জানা যায়, দোকানটির মালিক জয়নাল আবেদিনের প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ১১টি ড্রামে (প্রতি ড্রাম ২০০ লিটার) ও ১৪টি প্লাস্টিক জারে (প্রতি জার ২০ লিটার) মোট প্রায় ২ হাজার ৪৮০ লিটার অকটেন পাওয়া যায়।এসব জ্বালানি লাইসেন্স ছাড়াই মজুদ করা হয়েছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা বলেন, জয়নাল আবেদিন নিজেকে একাধিক বাণিজ্যিক স্পিডবোটের মালিক হিসেবে পরিচয় দিলেও অকটেন কেনার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।তিনি অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। এ ঘটনায় বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ৪(খ) ধারা লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা লঙ্ঘনের দায়ে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।আবাসিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে এভাবে বিপজ্জনক দাহ্য পদার্থ মজুত রাখায় জননিরাপত্তা হুমকির মুখে পড়েছিল। এ ধরনের অবৈধ মজুতবিরোধী অভিযান অব্যাহত থাকবে।





