১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পটিয়ায় তিন বাসের সংঘর্ষে ১ জন নিহত

পটিয়া প্রতিনিধি: পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জলুরদিঘীর পাড় এলাকায় দুটি ঈগল পরিবহনের বাস ও মারসা পরিবহনের বাসের সংঘর্ষে বাঁশি মোহন দাশ (৫০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন।বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে খড়ের গাদায় আগুন দেওয়ার কারণে সৃষ্ট ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়লে দুটি ঈগল বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মারসা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পিলারের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৯ জন আহত হন। তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার সামিয়া রওশন জানান, দুর্ঘটনায় আহত ৯ জনকে আনা হয়। এদের মধ্যে একজনের মৃত্যু হয়। বাকি ৮ জনের মধ্যে ২ জনের আঘাত গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।পটিয়া ফায়ার স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া বাংলানিউজকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। খড়ের গাদার আগুন নিয়ন্ত্রণে আনার পর দুর্ঘটনাকবলিত বাসগুলো থেকে আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন