ইসলামী জীবন ডেস্ক : এবার মসজিদের মিম্বর থেকে সংসদে যাচ্ছেন সিলেটের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আবুল হাসান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নির্বাচনে তাঁর প্রতীক ছিল দেয়ালঘড়ি। তিনি ৭৯ হাজার ৩৫৫ ভোট পান।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের উবায়দুল্লাহ ফারুক ৬৯ হাজার ৭৭৪ ভোট পেয়ে পরাজিত হন। জয় ব্যবধান দাঁড়িয়েছে ৯ হাজার ৫৮১ ভোটে।৫৯ বছর বয়সী আবুল হাসান জকিগঞ্জ উপজেলার মাঝরগ্রামে জন্ম নেন। ইমাম, খতিবের পাশাপাশি পেশায় একজন শিক্ষকও।১৯৯৩ সাল থেকে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত আছেন এবং ২০০০ সালের জুন থেকে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন। তিনি সিলেট জেলা খেলাফত মজলিসের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পর আবুল হাসান গণমাধ্যমকে বলেন, আল্লাহর রাসুল মিম্বর থেকে দেশ পরিচালনা করেছেন। সেই অনুসরণে মসজিদের মিম্বর থেকে সংসদ ভবনে উঠে দেশের ও মিল্লাতের খেদমতে কাজ করতে চাই।জকিগঞ্জ-কানাইঘাটের মানুষকে উন্নয়নের পথে নিয়ে আসার জন্য বিশেষজ্ঞদের পরামর্শে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।





