ক্রীড়া ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে আজ এক কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। গ্রুপ ‘এ’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী চীনের মোকাবিলা করবে মারিয়া-অর্পিতারা। থাইল্যান্ডের ননথাবুড়ি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ ঠিক দুপুর ৩টায়, যা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।দুই দলের র্যার্ঙ্কি শক্তিমত্তায় আকাশ-পাতাল পার্থক্য।যেখানে চীন ফিফা র্যার্ঙ্কিয়ের ১৬ নম্বরে, সেখানে বাংলাদেশ আছে ১১৩তে। প্রথম ম্যাচে চীন ৩-০ গোলে ভিয়েতনামকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে। অন্যদিকে, স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে ২-০ তে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-৩ ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। আজ তাই ঘুরে দাঁড়ানোর বড় চ্যালেঞ্জ।
থাইল্যান্ডের বিপক্ষে রক্ষণের যে দুর্বলতা ফুটে উঠেছিল, তা নিয়ে গত দুদিন কঠোর কাজ করেছেন কোচরা। অধিনায়ক অর্পিতা বিশ্বাস জানিয়েছেন, ‘আগের ম্যাচের ভুলগুলো নিয়ে আমরা কোচের সাথে কাজ করেছি। পজিশন, শেপ এবং ফিনিশিংয়ের ঘাটতিগুলো শুধরানো হয়েছে। চীন অনেক শক্তিশালী দল, তবে আমরা তাদের সাথে লড়াই করতে পুরোপুরি প্রস্তুত।’
দলের গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বলের মতে, মেয়েরা যদি নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে, তবে ভালো কিছু সম্ভব। বিশেষ করে ডিফেন্ডিং শেপ এবং সেট পিস নিয়ে আলাদা পরিকল্পনা সাজানো হয়েছে যাতে কোনোভাবেই গোল হজম করতে না হয়।
চীনের মতো বিশ্বমানের দলের বিপক্ষে আজ বাংলাদেশের মেয়েরা কেমন লড়াই উপহার দেয়, সেটাই এখন দেখার বিষয়। জয় কিংবা ড্র যেকোনো ইতিবাচক ফলাফলই টুর্নামেন্টে বাংলাদেশের টিকে থাকার আশা বাঁচিয়ে রাখবে।





