১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এনসিপি নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে চেক ডিজঅনারের এক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। মুহাম্মাদ আসাদুল্লাহ একই গ্রামের আকমল শিকদারের ছেলে।
পুলিশ জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক ডিজঅনার মামলায় এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন আসাদুল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোটের প্রচারণা শেষে এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তবে গ্রেপ্তারকে হয়রানিমূলক দাবি করেছে তার পরিবার। আসাদুল্লাহর স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, ‘গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিক উদ্দেশ্যে তাকে মামলায় ফাঁসানো হয়েছে। দ্রুত তার মুক্তির দাবি জানান তিনি।’
এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খইম উদ্দিন জানান, আসাদুল্লাহ চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। আইনানুগভাবেই তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন