বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবসে নাকি দক্ষিণী সুপারস্টার ধানুশ-এর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন— এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই ঘুরপাক খাচ্ছে বিনোদন দুনিয়ায়। তবে এবার সেই জল্পনা নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর, আর তাতেই যোগ হলো মজার মোড়।সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগীদের উদ্দেশে ম্রুণাল মজা করে বলেন, ‘আজ আমার গায়েহলুদ, কাল সংগীত—কেউ কিন্তু না খেয়ে যাবেন না!’তার এই মন্তব্যে মুহূর্তেই হাসির রোল পড়ে যায়। সাক্ষাৎকারের শুরুতেই তিনি পরিষ্কার করে দেন, নিজের বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছে কি না, সে খবরও তিনি নিজেই জানেন না! অথচ চারদিকে চলছে নানা জল্পনা-কল্পনা।ম্রুণালের মতে, শুধুমাত্র বিয়ে করার জন্য সম্পর্কে জড়ানোতে তিনি বিশ্বাসী নন। তার ভাষায়, যখন সঠিক মানুষ জীবনে আসে, তার সঙ্গে সময় কাটানো স্বস্তির হয়ে ওঠে। এমনকি নীরবতাও যখন আর অস্বস্তিকর লাগে না, তখনই সম্পর্ককে বিয়ের রূপ দেওয়া উচিত।
এই মুহূর্তে নিজের বিয়ে নিয়ে ছড়ানো গুঞ্জন বরং উপভোগই করছেন তিনি।হাসতে হাসতে বলেন, “নিজের বিয়ের গল্প শুনে আমিও মজা পাচ্ছি। কোনও অনুভূতি লুকিয়ে রাখার মানুষ আমি নই। সত্যিই যদি বিয়ের পিঁড়িতে বসি, সবাইকে জানাব।”
প্রসঙ্গত, আসন্ন ছবি দো দিওয়ানে শহর মে-এর প্রচারে গিয়ে সহ-অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী-র সঙ্গেও এই বিষয়টি নিয়ে রসিকতা করেন তিনি।সিদ্ধান্ত মজা করে বলেন, “১৪ ফেব্রুয়ারি ম্রুণালের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকাই উচিত সবার!” এতে পাল্টা জবাব দিতেও দেরি করেননি অভিনেত্রী। হেসে বলেন, “তাহলে সেটাই হবে সবচেয়ে বড় এপ্রিল ফুল!”





