১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জামানত হারিয়েছেন। নির্বাচনী ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বগুড়া-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট। এই দুই প্রার্থী বাদে নির্বাচনী মাঠে থাকা বাকি ৫ জন প্রার্থীর সবাই জামানত হারিয়েছেন।এর মধ্যে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ পেয়েছেন মাত্র ৪২৮ ভোট।শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ‘নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে ওই আসনে প্রদত্ত মোট বৈধ ভোটের ৮ ভাগের অন্তত ১ ভাগ (১২.৫%) ভোট পেতে হয়। শিবগঞ্জ আসনের নির্বাচনী ফলাফল অনুযায়ী মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৪২ হাজার ১৫৯টি। জামানত রক্ষার জন্য প্রয়োজনীয় ন্যূনতম ভোট ৩০ হাজার ২৬৯টি।কিন্তু মাহমুদুর রহমান মান্নার প্রাপ্ত ভোট ৩ হাজার ৪০৪টি।’
হিসাব অনুযায়ী, জামানত রক্ষার জন্য প্রয়োজনীয় ভোটের চেয়ে প্রায় ২৬ হাজার ৮৬৫ ভোট কম পেয়েছেন তিনি। ফলে সরকারি নিয়ম মোতাবেক তার জমা দেওয়া ৫০ হাজার টাকা জামানত বাজেয়াপ্ত হচ্ছে।নির্বাচন কমিশনে খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না চারটি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগসহ বিভিন্ন দলের হয়ে অংশগ্রহণ করে পরাজিত হন।

আরও পড়ুন