৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

‘আপনাদের রানী কারো কাছে বিক্রি হয় না’

অনলাইন ডেস্ক: প্রচারণার শেষ পর্যায়ে এসে রংপুর-৩ আসনের (সদর ও সিটি করপোরেশনের আংশিক এলাকা) স্বতন্ত্র প্রার্থী ও হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী মানবাধিকারকর্মী আনোয়ারা ইসলাম রানী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। শনিবার রাতে রংপুর নগরীর নূরপুর এলাকায় ‘ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার’ নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তবে তিনি অন্য কোনো প্রার্থীকে সমর্থন জানাননি। অনেকেই রানীর এমন সরে যাওয়া নিয়ে প্রশ্ন তুললেও তিনি স্পষ্ট জানালেন, ‘আপনাদের রানী কারো কাছে বিক্রি হয় না, কারো সঙ্গে আপস করে না।’
আনোয়ারা ইসলাম রানী বলেন, ‘হিজড়া জনগোষ্ঠীসহ সব সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে আমি রংপুর-৩ আসন থেকে সরে দাঁড়াচ্ছি।’
সংবাদ সম্মেলনে আনোয়ারা ইসলাম রানী বলেন, ‌‘আমি এই নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তৃতীয় লিঙ্গ ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ের সংগ্রাম থেকে সরে দাঁড়াচ্ছি না। আপনাদের রানী কারো কাছে বিক্রি হয় না, কারো সঙ্গে আপস করে না। এটি কোনো পরাজয় নয়, বরং একটি নৈতিক ও রাজনৈতিক প্রতিবাদ।’
তিনি জানান, দীর্ঘদিন ধরে হিজড়া জনগোষ্ঠীসহ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবিতে আন্দোলন করে আসছেন। নারীদের জন্য যেখানে সংরক্ষিত আসন রয়েছে, সেখানে তৃতীয় লিঙ্গসহ অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব এখনো সাংবিধানিকভাবে নিশ্চিত হয়নি, এটাই তার মূল প্রতিবাদের জায়গা।
রানী বলেন, ‌‘রাষ্ট্র যদি সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে চায়, তবে কাউকে পেছনে ফেলে রেখে উন্নয়ন সম্ভব নয়। আমাদের বারবার বলা হচ্ছে সমাজ বদলেছে, কিন্তু বাস্তবে রাজনৈতিক কাঠামোতে আমাদের কোনো জায়গা তৈরি হয়নি।’
সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, এর আগেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে অংশ নিয়ে উল্লেখযোগ্যসংখ্যক ভোট পেয়ে দ্বিতীয় অবস্থান অর্জন করেছিলেন। এবারও তিনি জনগণের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন বলে দাবি করেন। তবে নির্বাচন প্রক্রিয়ায় কাঠামোগত বৈষম্য ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘আমি ভোটারদের বিভ্রান্ত করতে চাই না। আমার এই সরে দাঁড়ানো কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়।এটি একটি নৈতিক অবস্থান, যাতে ভবিষ্যতে রাষ্ট্র বাধ্য হয় আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে।’সংবাদ সম্মেলনে তিনি সব রাজনৈতিক দল, প্রার্থী ও সমর্থকদের প্রতি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে তার সিদ্ধান্তকে কেন্দ্র করে কোনো ধরনের উত্তেজনা বা অপপ্রচার না চালানোর অনুরোধ করেন।আনোয়ারা ইসলাম রানী বলেন, ‘আমি বিশ্বাস করি সহনশীল ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশই গণতন্ত্রের সৌন্দর্য। আমার সিদ্ধান্তকে কেন্দ্র করে কেউ যেন সহিংসতা বা বিভ্রান্তি সৃষ্টি না করে।’তিনি স্পষ্ট করে বলেন, ‘ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তৃতীয় লিঙ্গ ও প্রান্তিক জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে আদালত, সংসদ ও রাজপথ-সব জায়গাতেই এই দাবি তুলে ধরা হবে।’
সংবাদ সম্মেলনের তিনি রংপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আপনারা আমাকে যেভাবে গ্রহণ করেছেন, পাশে দাঁড়িয়েছেন তা আমি আজীবন মনে রাখব। আমি আপনাদেরই একজন সাধারণ নাগরিক। আজ নির্বাচন থেকে সরে দাঁড়ালেও মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকে একচুলও সরছি না।’
প্রসঙ্গত, আনোয়ারা ইসলাম রানী দেশের তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে সক্রিয় একজন সামাজিক সংগঠক ও মানবাধিকারকর্মী হিসেবে পরিচিত।

আরও পড়ুন