অনলাইন ডেস্ক: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পাটাহদ কয়ড়া উচ্চ বিদ্যালয়ে বোরকা পরে প্রবেশ করার অভিযোগে এক কিশোরকে আটক করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পাটাহদ কয়ড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে আটক করা হয়।বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয় থেকে আগামীকাল শিক্ষা সফরে যাওয়ার কথা রয়েছে। সে জন্য আজ বিদ্যালয়ের খোলা ছিল।সকালে বোরকা পরিহিত এক কিশোরকে বিদ্যালয় চত্বরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে শিক্ষার্থীরা। তার চলাফেরা ও আচরণ অস্বাভাবিক মনে হলে শিক্ষার্থীরা তাকে আটক করে শিক্ষকদের রুমে নিয়ে যায়। পরে শিক্ষকরা বোরকা খুলে দেখেন এক ছেলে। পরে সেই ছেলেকে ছেড়ে দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম বলেন, কিশোরটি গত বছর এই বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত। পরবর্তীতে সে বিদ্যালয় পরিবর্তন করে অন্য স্কুলে ভর্তি হয়। কী উদ্দেশ্যে সে বোরকা পরে বিদ্যালয়ে প্রবেশ করেছিল, এইটা বলে নাই। পরবর্তীতে ছেলেটাকে ছেড়ে দেওয়া হয়।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’




