সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ‘নিজের বিবেক বিক্রি করবেন না। কোনভাবেই বেঈমানি করা যাবে না। সুন্দর সিস্টেমের মাধ্যমে দেশ গড়তে হবে। শান্তিপূর্ণ রাষ্ট্রপ্রতিষ্ঠায় এগিয়ে যেতে চাই।’ তিনি বলেন, দেশের ভাবমূর্তি রক্ষা এবং দেশের মেরুদণ্ড সোজা রাখতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সততা, ঈমান ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।সভায় বিশেষ অতিথি চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ ভোটারদের সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব স্মরণ করিয়ে বলেন, “ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে না পারলে ‘মব’ সৃষ্টি হতে পারে। তাই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।”
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন বলেন, ‘আগের নির্বাচনে আপনারা দায়িত্ব পালন করেছেন। এবারও কোনো চাপ না থাকলেও দায়িত্ব থেকে মুক্ত নয়। বৈধ আদেশ ও নির্দেশনা মানার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।’
৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপ-অধিনায়ক মেজর আখলাফ বলেন, ‘প্রতিটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ কর্মকর্তাদের সুরক্ষা এবং নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনীর উপরও থাকবে। কোনো গণ্ডগোলের খবর পাওয়া মাত্র ২-৩ মিনিটের মধ্যে সেনাবাহিনী উপস্থিত থাকবে।’সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহামুদুল হাসান। সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম আনসার ও ভিডিপি’র বিভিএম, পরিচালক ও জেলা কমান্ড্যান্ট মোস্তাক আহমদ। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হকসহ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।





