খবর বিজ্ঞপ্তি: সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি আর্ট গ্যালারিতে প্রমিত উচ্চারণ ও আবৃত্তি নির্মাণ বিষয়ে দুই দিনব্যাপী এক সফল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।এই কর্মশালায় মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন এবং তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বাচিক শিল্পী হাসান জাহাঙ্গীর, দেবাশীষ রুদ্র, দিলরুবা খানম, সুবর্ণা চৌধুরী ও সঞ্জয় পাল।
সম্পূর্ণ কর্মশালাটি পরিচালনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন বাচিক শিল্পী মেজবাহ উদ্দিন চৌধুরী।সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন বরেণ্য সাংবাদিক ও ‘দি পিপলস ভিউ’ সম্পাদক ওসমান গনি মনসুর এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক বাচিক শিল্পী দেবাশীষ রুদ্র, উপস্থাপক ও বাচিক শিল্পী দিলরুবা খানম এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ সাজ্জাত হোসেন।
সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি বাচিক শিল্পী হাসান জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা প্রমিত উচ্চারণের প্রয়োজনীয়তা, কর্মশালা থেকে প্রাপ্ত অভিজ্ঞতা এবং ভালোলাগার অনুভূতি তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ওসমান গনি মনসুর মাতৃভাষার উৎকর্ষ সাধনে প্রমিত উচ্চারণের গুরুত্বারোপ করেন এবং তরুণদের নিয়ে এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। সনদ প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জোটের সাংগঠনিক সম্পাদক আবৃত্তি শিল্পী মেজবাহ উদ্দিন চৌধুরী।





