আন্তর্জাতিক ডেস্ক : ইরান হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমতে শুরু করে।বাজার বিশ্লেষকদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দিনের শুরুতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম ৯৮ ডলারের ওপরে থাকলেও পরে তা ৯০ ডলারের নিচে নেমে আসে।একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজার সূচক নাইমেক্সে লাইট সুইট ক্রুডের দামও উল্লেখযোগ্য হারে কমে যায়।
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনা শুরুর আগে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ৭০ ডলারের নিচে। তবে মার্চের শুরুতে সংঘাত বাড়তে থাকলে দাম ১০০ ডলার ছাড়িয়ে যায় এবং মাসের শেষ দিকে তা ১১৯ ডলারে পৌঁছায়।
তাদের মতে, হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়ায় বৈশ্বিক সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। এর প্রভাবেই বাজারে দাম কমেছে।লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরিপ্রেক্ষিতে ইরান এই সিদ্ধান্ত নেয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম ব্যস্ত তেল পরিবহন পথ। ফলে এটি উন্মুক্ত হওয়ার খবরকে বিশ্ব অর্থনীতির জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।বিশ্লেষকদের ধারণা, উত্তেজনা আর না বাড়লে এবং সরবরাহ স্বাভাবিক থাকলে আগামী দিনগুলোতে তেলের বাজার আরও স্থিতিশীল হতে পারে।





