১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) ভোর ৫টায় মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— সাবেক সেনা সদস্য মুরগি ব্যবসায়ী মো. নাহিদ হোসেন বাবু (২৯) ও সাহেদ আহমেদ রিয়াজ (২৭)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে সাবেক সেনা সদস্য মুরগি ব্যবসায়ী মো. নাহিদ হোসেনের খামার থেকে মুরগি ক্রয় করতে মিঠাছরা বাজারে আসেন চট্টগ্রামের জালালিয়া চিকেন সাপ্লাই নামের একটি প্রতিষ্ঠানের ৬ জন কর্মকর্তা। এ সময় তাদেরকে সুকৌশলে সদর ইউনিয়নের কামার গ্রামের শ্মশান এলাকায় নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে কুপিয়ে মারাত্মক জখম করে নগদ ৩ লাখ ৩ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন নিয়ে যায়।
ঘটনা জানাজানি হওয়ার পর মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে অভিযানে নামে মিরসরাই থানা পুলিশ। এ সময় মুরগী ব্যবসায়ী সাবেক সেনা সদস্য নাহিদ হোসেন বাবুকে গ্রেপ্তার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে নাহিদ হোসেন বাবু পুলিশকে জানান, ছিনতাই শেষে লুট করা টাকা ও অস্ত্র তার সহযোগী রিয়াজের কাছে রয়েছে। পরে মিঠাছরা এলাকায় রিয়াজের বাড়িতে অভিযান চালিয়ে ৩টি রামদা, নগদ ১ লাখ ২৩ হাজার ৫০০ টাকা, ২টি কালো রংয়ের মুখোশ, ২টি কালো রংয়ের ক্যাপ এবং ১টি মোবাইল ফোনসহ সাহেদ আহমেদ রিয়াজকে গ্রেপ্তার করা হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, ঘটনার সাথে সাথে পুলিশের দ্রুত পদক্ষেপে রাতের মধ্যেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন