বিনোদন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি আসনে মনোনয়ন না পাওয়া বিনোদন অঙ্গনের একঝাঁক তারকা এবার সংরক্ষিত নারী আসনে ভাগ্য পরীক্ষা করতে মাঠে নেমেছেন। নতুন করে মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় উঠে এসেছে পরিচিত কয়েকটি নাম।শনিবার (১১ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সংগীতশিল্পী রিজিয়া পারভীন। এ ছাড়া সেই তালিকায় রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা, বেবী নাজনীন এবং নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী।
মনোনয়ন ফরম সংগ্রহের পর কনকচাঁপা গণমাধ্যমকে বলেন, ‘মহান সংসদে দাঁড়িয়ে জনগণের কথা বলতে চাই। জনগণের দুঃখের কথা বলতে চাই।’
এর আগে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসন থেকে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন কিনেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ওই আসনে দল থেকে মনোনয়ন পাননি।অন্যদিকে বেবী নাজনীন নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এদিকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ আমান উল্লাহ চৌধুরীর মেয়ে ফারহানা চৌধুরী বেবীও। তিনি বর্তমানে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।এ ছাড়া রিজিয়া পারভীন তার নিজ জেলা কিশোরগঞ্জ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন করেছেন।





