রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বুড়ির দোকান সংলগ্ন মা মগদ্বেশ্বরী মন্দিরে দুর্ধর্ষ চুরি ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সংঘবদ্ধ দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায়।
সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানান, গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে মা মগদ্বেশ্বরীর বিগ্রহের হাত-পা ও জিহ্বা ভাঙচুর করে। এসময় প্রতিমার গায়ে থাকা স্বর্ণালঙ্কার ও কাপড় লুট করে নিয়ে যায় তারা। এছাড়া মন্দিরের বাইরের বৈদ্যুতিক মিটারের তারও কেটে ফেলে দুর্বৃত্তরা। একই সময়ে পাশের শিব মন্দিরেও তান্ডব চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং ভেতরের ধর্মীয় ছবিগুলো পাশের বিলে ফেলে দেওয়া হয়।





