৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অবৈধভাবে মাটি কাটলে কঠোর ব্যবস্থা: চট্টগ্রাম জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, অবৈধভাবে যেখানে মাটি কাটা হবে সেখানে আমরা কঠোর পদক্ষেপ নেব। বিশেষ করে কৃষি জমির টপসয়েল কাটলে আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে আমাদের ম্যাজিস্ট্রেটরা ব্যবস্থা নেবেন সোমবার (৬ এপ্রিল) বিকেলে বোয়ালখালী পৌর সদরের গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, যারা কাটছে তারা বাইরের কেউ না। তারা এই সমাজেরই মানুষ।
আমাদের অভিযানত চলবেই পাশাপাশি আমরা চাই সোশ্যাল মুভমেন্ট তৈরি করতে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, যারা এই ধরনের অপরাধের সাথে জড়িত আছে তাদের আপনারা তুলে ধরেন। তাদের সাথে সমাজের ডিস্টেন্স তৈরি করেন।আপনারা একটা সামাজিক আন্দোলন তৈরি করেন।এর আগে তিনি প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রশাসন আয়োজিত আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করেন।
উদ্বোধনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, তরুণরাই জাতির ভবিষ্যৎ। তরুণরাই জাতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিবে। জীবনের একটা লক্ষ্য থাকতে হবে।জয়ের আনন্দ যেমন দেয়, তেমনি পরাজয়কে মেনে নিতে শেখায়। খেলা একটি শিক্ষা। কিভাবে আমাদের যোগ্যতাকে বাড়াবো, দক্ষতা বাড়াবো।জেলা প্রশাসক আরও বলেন, আমরা বিশ্ব মঞ্চে দাঁড়াতে চাই, শক্ত আসনে বসতে চাই। স্বপ্ন, কমিটমেন্ট, প্রত্যয় থাকতে হবে।তাহলে আমরা সাকসেস হতে পারবো।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, উপজেলা প্রকৌশলী রনি সাহা, সমাজ সেবা কর্মকর্তা পিপলু নাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, কৃষি কর্মকর্তা মো.শাহানুর ইসলাম, মৎস্য কর্মকর্তা নাঈম হাসান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতৃবন্দসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ। এ টূর্ণামেন্টে মাধ্যমিক পর্যায়ের ৩২টি দল অংশ নিচ্ছে।

আরও পড়ুন