অনলাইন ডেস্ক: লক্ষ্মীপুর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। ওসি ছাড়া অন্যদের আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে ঘটনার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদসহ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
রবিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের চকবাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। একই সময় ১৪৪ ধারা ভঙ্গ করে বৈষম্যবিরোধী ছাত্রদের নৈরাজ্যের প্রতিবাদে জুলাই ফাইটার্সের ব্যানারে মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে শহরের চকবাজারসহ আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, শনিবার রাতে লক্ষ্মীপুর শহরের হাসপাতাল রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর শাখার কর্মী হাবিবুর রহমান ফাহিম ও জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আকবর হোসেন মুন্নার মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়ান। এর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা রবিবার বিকেল ৫টায় চকবাজার মসজিদের সামনে থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেন। ছাত্রদলের নেতাকর্মীরা জুলাই ফাইটার্সের ব্যানারে একই সময় ওই স্থানে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন।
এর প্রেক্ষিতে পৌর শহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বিকেল সাড়ে ৪টা থেকে ১৪৪ ধারা জারি করেছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে বলে জানা গেছে।মিছিলে অংশ নেওয়া জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম বলেন, ‘এখানে ছাত্রদলের কোনো কর্মসূচি ছিল না। জুলাই ফাইটার্সের প্রোগ্রাম ছিল। এ নিয়ে আমি কোনো বক্তব্য দিতে চাচ্ছি না।’
এ ব্যাপারে বক্তব্য জানতে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব শাহেদুর রহমান রাফির মোবাইলফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করেছে। আমরা ঘটনাস্থল অবস্থান করে দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দিয়েছি। এ ঘটনায় ওসিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।’




