অনলাইন ডেস্ক : রাজধানীর গুলশানে এক শিল্পপতির ফ্ল্যাট দখলের চেষ্টার অভিযোগে করা মামলায় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলেসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।বুধবার (১ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। পরোয়ানাভুক্ত আসামিরা হলেন সামির কাদের চৌধুরী, শাকির কাদের চৌধুরী, মেরিনা ইরশাদ ও আশিকুর রহমান।মামলার বিবরণ অনুযায়ী, এদিন ধার্য তারিখে ১৫ জন আসামির মধ্যে ৯ জন আদালতে হাজির হন।তবে সংসদ অধিবেশন চলায় এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং তার নিরাপত্তারক্ষী রাকিব চৌধুরী উপস্থিত হতে পারেননি। অন্যদিকে অপর চার আসামি চট্টগ্রামে অবস্থান করায় আদালতে হাজিরা না দেওয়ায় আদালত তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।এই মামলার সূত্রপাত হয় গত বছরের ৮ সেপ্টেম্বর, যখন প্রয়াত শিল্পপতি মাইনুল ইসলামের স্ত্রী ফারজানা আন্না ইসলাম ফ্ল্যাট দখলের চেষ্টা, মারধর ও লুটপাটের অভিযোগে মামলাটি করেন।
আদালত অভিযোগটি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছিলেন। মামলায় এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীসহ মোট ১৫ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০০৬ সালে গুলশান মডেল টাউনে একটি ৬ তলা ভবন নির্মাণের জন্য ‘সামসুল আলামিন রিয়েল এস্টেট লিমিটেডের’ সঙ্গে চুক্তি করেছিলেন শিল্পপতি মাইনুল ইসলাম ও তার স্ত্রী। ২০০৭ সালে তারা ভবনটি বুঝে পান।
কিন্তু ২০০৮ সালে মাইনুল ইসলামের মৃত্যুর পর থেকে আবাসন প্রতিষ্ঠানের মালিক ও অন্য আসামিরা ভুয়া বা জাল দলিল তৈরি করে বাড়ির দ্বিতীয় তলার পুরো ফ্লোরটি অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছেন।





