অনলাইন ডেস্ক : বিয়ের দাবিতে দিনাজপুরের বিরামপুর উপজেলায় প্রেমিকের বাড়ির সামনে অনশন শুরু করেছেন ১৮ বছর বয়সী এক তরুণী। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে প্রেমিকের বাড়ির গেটের সামনে অনশনে বসেন মাহাবুবা আক্তার মীম। তিনি হাকিমপুর উপজেলার চৌধুরী ডাঙ্গাপাড়া গ্রামের শামসুল ইসলামের মেয়ে।মীমের দাবি, বিরামপুর উপজেলার কেশবপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে ফিরোজ কবির (২০) সঙ্গে তার প্রায় চার বছরের প্রেমের সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কের স্বীকৃতি হিসেবে তিনি বিয়ে দাবি করছেন।মাহাবুবা আক্তার মীম জানান, ফিরোজের বোনের বাড়ি তাদের এলাকায় হওয়ায় তাদের পরিচয় হয় এবং সেখান থেকেই সম্পর্কের শুরু। পরবর্তীতে বিষয়টি এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে স্থানীয়রা বিয়ের উদ্যোগও নেন। কিন্তু হঠাৎ করেই ফিরোজ তাদের বাড়ি থেকে চলে যায়।তিনি বলেন, আমাদের সম্পর্কের বিষয়টি সবাই জানে। এখন আমি সামাজিকভাবে চাপে পড়েছি। তাই বিয়ে না হওয়া পর্যন্ত আমি এখানেই অনশন চালিয়ে যাব।স্থানীয় কয়েকজন গ্রামবাসী জানান, সকাল থেকেই মেয়েটি খড়ের পালার নিচে বসে অনশন করছেন। তাদের মতে, দীর্ঘদিনের সম্পর্ক থাকায় উভয় পরিবারের সমঝোতার মাধ্যমে বিষয়টির সমাধান হওয়া উচিত।
এ বিষয়ে ফিরোজের বাবা আব্দুল কাদের বলেন, তাদের মধ্যে সম্পর্ক থাকলে থাকতে পারে। কিন্তু আমার ছেলেকে কেন আটকে রাখা হয়েছিল, তা আমাকে জানানো হয়নি। আমার ছেলে এখন বাড়িতে নেই, কোথায় আছে তাও জানি না। আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই।মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম জানান, তিনি বিষয়টি অবগত আছেন। তবে এখনো কোনো পক্ষ তার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেনি। অভিযোগ পেলে সংশ্লিষ্টদের নিয়ে বসে সমাধানের চেষ্টা করা হবে।বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, বিষয়টি আগে জানা ছিল না। এখন অবগত হয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




