অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি পেরিয়ে বাংলাদেশে এসেছে একটি এলপিজিবাহী ট্যাংকার। শিপিং সংশ্লিষ্টদের মতে, যুদ্ধ শুরুর পর এটিই প্রথম জাহাজ, যা হরমুজ প্রণালি পেরিয়ে দেশে প্রবেশ করেছে।
জানা যায়, ‘এমটি বিডব্লিউইকে বোর্নহোম’ নামের ট্যাংকারটি ওমান থেকে ৩ হাজার আটশ টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে সীতাকুণ্ডে আসে। চালানটির আমদানিকারক স্মার্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বিএম এনার্জি (বিডি) লিমিটেড।
স্মার্ট গ্রুপের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন মইনুল আহসান বলেন, ‘যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমরা সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। তাদের সহযোগিতায় এই চালানটি আনা সম্ভব হয়েছে।’ট্যাংকারটির স্থানীয় প্রতিনিধি সি-সাইড ট্রেডার্সের কর্ণধার হুমায়ুন কবীর জানান, মার্চের দ্বিতীয় সপ্তাহে ওমানের দুকম বন্দর থেকে যাত্রা করে জাহাজটি প্রথমে শ্রীলঙ্কায় যায়। সেখানে আংশিক খালাস শেষে সীতাকুণ্ডে এসে বাকি এলপিজি খালাস করে। শুক্রবার (২৭ মার্চ) খালাস শেষে ট্যাংকারটি ফিরে গেছে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হলে ইরান হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে। এতে পারস্য উপসাগর থেকে জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে এবং বাংলাদেশমুখী দুটি জ্বালানিবাহী ট্যাংকার এখনো ওই অঞ্চলে আটকে রয়েছে।





