২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কক্সবাজারে ছাত্রদল নেতা খোরশেদ হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেফতার

উখিয়া প্রতিনিধি : কক্সবাজার শহরের কবিতা চত্বরে ছাত্রদল নেতা খোরশেদকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তারেককে গ্রেফতার করেছে পুলিশ।সদর মডেল থানা পুলিশের সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বুধবার (২৫ মার্চ) সকালে চকরিয়া উপজেলার খুটাখালীর ৭ নম্বর ওয়ার্ডে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকেই তারেক আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধ বা ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করছে তদন্ত-সংশ্লিষ্টরা।
এর আগে, মঙ্গলবার (২৪ মার্চ) রাতে কক্সবাজার শহরের ব্যস্ততম এলাকা কবিতা চত্বরে একদল দুর্বৃত্ত খোরশেদের ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।নিহত খোরশেদ স্থানীয় ছাত্রদলের সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনেও শোকের ছায়া নেমে আসে। বুধবার আসরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে।

আরও পড়ুন