নিজস্ব প্রতিবেদক: শুলকবহর ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেছেন, সাধারণ মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ বিএনপির নিয়মিত সামাজিক কার্যক্রমের একটি অংশ। অতীতের দুঃসময়েও বিএনপি মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যাবে।রোববার (১৫ মার্চ) ওয়ার্ডের চৌধুরী বাড়ি এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও সাধারণ মানুষের মাঝে সেহরি সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে এসব সেহরি সামগ্রী বিতরণ করা হয়।
জমির উদ্দিন নাহিদ বলেন, এই আয়োজনে হয়তো সবাইকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, তবে ভবিষ্যতে আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা থাকবে। সমাজে কিছু বিবেকবর্জিত মানুষ রয়েছে যারা নিজেদের মা-বোনের সম্মান ও অধিকার হরণ করে। আবার অনেকে উচ্চশিক্ষা অর্জন করেও মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, যা অত্যন্ত নিন্দনীয়। প্রকৃত শিক্ষা তখনই অর্জিত হয়, যখন মানুষ মানবিক মূল্যবোধ ধারণ করে এবং মানুষের পাশে দাঁড়ায়।দেশের সাধারণ মানুষ সবসময় বিএনপির পাশে রয়েছে। মানুষের প্রয়োজন ও প্রত্যাশা উপলব্ধি করে সবসময় তাদের পাশে থাকতে চাই।তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড চালু এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের নারীদের স্বাবলম্বী করা ও বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, যাতে তারা আত্মনির্ভরশীল হয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।৮ নম্বর শুলকবহর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক এইচ এম আজাদের সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন কবির আপেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
বক্তব্য দেন পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, মহানগর মহিলা দলের সাবেক সহ-সভাপতি রাহেলা জামান, পাঁচলাইশ থানা মহিলা দলের সভাপতি সাইমা হক, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল কবির পলাশ, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মেহেদী। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




