৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদি থেকে দেশে ফেরার পথে নিখোঁজ প্রবাসী

অনলাইন ডেস্ক: সৌদি আরব থেকে দুবাই হয়ে দেশে ফেরার পথে রফিকুল ইসলাম (৪০) নামে এক প্রবাসী শ্রমিক নিখোঁজ হয়েছেন। গত ৮ দিন ধরে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। এতে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের সদস্যদের।নিখোঁজ রফিকুল ইসলামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের মদনগোপাল এলাকায়।তিনি ওই এলাকার মৃত লাল মাহমুদ মন্ডলের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে,’জীবিকার তাগিদে প্রায় পাঁচ বছর আগে সৌদি আরবে যান রফিকুল ইসলাম। সেখানে আল-কাছিম শহরের একটি কোম্পানির গ্যারেজে কাজ করতেন তিনি। ঈদে পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটি নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি সৌদির আল-কাছিম বিমানবন্দর থেকে এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেন।’
পরিবারের দাবি, ফ্লাইটটি দুবাই পৌঁছানোর পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশগামী ফ্লাইট বাতিল করা হয়। এরপর থেকেই রফিকুল ইসলামের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ফ্লাইটটি গত ৪ মার্চ বাংলাদেশ বিমানবন্দরে পৌঁছালে রফিকুল ইসলাম দেশে ফেরেননি।
নিখোঁজের স্ত্রী আর্জিনা বেগম বলেন,’২৮ ফেব্রুয়ারি সেহরির সময় স্বামীর সঙ্গে আমার শেষ কথা হয়েছিল।এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই। ৮ দিন ধরে নিখোঁজ। আমরা খুব দুশ্চিন্তায় আছি।’এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, ‘ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তাকে খুঁজে বের করতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

আরও পড়ুন