আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে ফের অস্থিরতার আগুন উসকে দিয়ে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাস তানুরায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। বুধবার (৪ মার্চ, ২০২৬) সকালের দিকে এই হামলা চালানো হয় বলে দেশটির সরকারি উচ্চপদস্থ এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, রাস তানুরা হচ্ছে সৌদি আরামকোর মালিকানাধীন দেশটির বৃহত্তম তেল শোধনাগার, যা বিশ্ব জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হামলার বিষয়ে অবগত দুটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে যে, সৌদি আরবের অভ্যন্তরীণ তেলের চাহিদা মেটানোর প্রধান উৎস এই শোধনাগারটিতে একটি ড্রোন সরাসরি আঘাত হেনেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি সৌদি আরামকো এই পরিশোধনাগারটি পরিচালনা করে।
সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, বুধবারের এই হামলাটি একটি শক্তিশালী ড্রোনের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এই হামলায় স্থাপনাটির ভেতরে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।
এটিই প্রথম নয়; এর আগে গত সোমবারও (২ মার্চ) রাস তানুরার এই তেল শোধনাগার লক্ষ্য করে ইরান দুটি ড্রোন ছুড়েছিল। যদিও সৌদি আরবের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই ড্রোন দুটিকে আকাশেই ভূপাতিত করতে সক্ষম হয়। কিন্তু ভূপাতিত ড্রোনের জ্বলন্ত ধ্বংসাবশেষ শোধনাগারের ওপর আছড়ে পড়লে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছিল। সেই ঘটনার পর নিরাপত্তার খাতিরে আরামকো কর্তৃপক্ষ প্ল্যান্টটির সমস্ত কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়। সেই রেশ কাটতে না কাটতেই বুধবার সকালে আবারও সেখানে নতুন করে হামলার ঘটনা ঘটলো।




