নিজস্ব প্রতিবেদক: নান্দনিক সুর আর শুদ্ধ সংগীতের মূর্ছনায় বন্দরনগরী চট্টগ্রামে উদযাপিত হলো সাংস্কৃতিক সংগঠন ‘সুরধারা’র ৭ম বর্ষপূর্তি। গতকাল শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সংগঠনের ২৯তম আয়োজনে এই বর্ণাঢ্য সংগীত ও নৃত্য সন্ধ্যার আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি তাঁর স্বাগত বক্তব্যে সুরধারার সাত বছরের পথচলার প্রশংসা করেন এবং শুদ্ধ সংস্কৃতি চর্চায় তরুণ প্রজন্মকে উৎসাহিত করার আহ্বান জানান। সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন সিমলা চৌধুরী।
সংগীত সন্ধ্যায় উদ্বোধনী সংগীতের পর একে একে মঞ্চে আসেন সংগঠনের একঝাঁক প্রতিভাবান শিল্পী। তাঁরা হলেন— শুভাগত চৌধুরী (অ্যাডভোকেট), সুমিত্রা বিশ্বাস, সীমা পাল, অর্পিতা দাশ, রূপা দত্ত, সনজিতা ভট্টাচার্য, পৃথ্বীশ ভট্টাচার্য, শিউলী নাথ, বহ্নিশিখা রক্ষিত, পাপড়ি ভট্টাচার্য, ঋতু দত্ত, আলপনা বড়ুয়া, লিখি দাশ, দীপাশ্রী দে, সুপ্রিয়া চৌধুরী, বিশাখা নন্দী, মাধবী চৌধুরী, শাশ্বত বিশ্বাস, অনিন্দিতা সেন গুপ্ত, চুমকি পালিত, আঁখি সেন, ত্ৰিপর্ণা চৌধুরী ও অরুন্ধুতী চৌধুরী। শিল্পীরা হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, মান্না দে ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো কালজয়ী শিল্পীদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।অনুষ্ঠানে মোহময় নৃত্য পরিবেশন করে দর্শকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন নৃত্যাশিল্পী সৃজয়ী রুদ্র ও সায়ন্তিকা দত্ত।যন্ত্রসংগীতে সহযোগিতা করেন নিখিলেশ বড়ুয়া (কি-বোর্ড), জয়ন্ত দেব (তবলা), এম. এস. শাহজাহান (বাঁশি), অনূজিত বড়ুয়া লিমন (অক্টোপ্যাড), শ্যামল চন্দ্র দাস (বেহালা) এবং রেন্টু সুকেশ (অ্যাকুস্টিক গিটার)।সংগঠনের পরিচালক এ্যাড. শুভাগত চৌধুরী সমাপনী বক্তব্যে বলেন, “সুরের মাধ্যমে মানুষের মনে প্রশান্তি ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। দীর্ঘ সাত বছর ধরে দর্শকদের যে ভালোবাসা আমরা পেয়েছি, তা আগামী দিনেও আমাদের পথ চলতে শক্তি জোগাবে।”
অনুষ্ঠান শেষে সকল শিল্পী, নৃত্যশিল্পী, যন্ত্রশিল্পী ও অতিথিদের নিয়ে একটি স্মৃতিস্মারক আলোকচিত্র ধারণ করা হয়। চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সংগীতানুরাগী এই অনুষ্ঠানটি প্রাণভরে উপভোগ করেন।





