১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সমুদ্রসৈকতে ভেসে এলো অচেনা যুবক-যুবতীর মরদেহ

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকতের পৃথক দুই স্থান থেকে এক যুবক ও এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন লম্বরী সৈকত ও মিঠাপানিরছড়া সৈকত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এখনো তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।পুলিশ ও স্থানীয় জেলেদের সূত্রে জানা যায়, সকালে মাছ ধরতে গিয়ে জেলেরা প্রথমে সৈকতে একটি মরদেহ ভেসে থাকতে দেখেন। কিছুক্ষণ পর একই উপকূলের আরেক স্থানে আরেকটি মরদেহ দেখতে পান তারা। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে পারে। যুবকের পরনে প্যান্ট ও জ্যাকেট থাকলেও যুবতীর শরীরে কোনো পোশাক ছিল না। সম্ভবত দীর্ঘ সময় পানিতে ভেসে থাকার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ধারণা, জোয়ারের স্রোতে মরদেহ দুটি ভেসে উপকূলে এসেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে।
ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘মরদেহ দেখে প্রাথমিকভাবে রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। সম্ভবত সমুদ্রপথে অনুপ্রবেশের সময় ট্রলারডুবিতে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। পাশাপাশি আশপাশের থানা ও উপকূলীয় এলাকায় নিখোঁজ সংক্রান্ত কোনো সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

আরও পড়ুন