বিনোদন ডেস্ক : পর্দার বাইরেও এখন ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসাপ্রতিষ্ঠান নিয়েই তার মূল ব্যস্ততা। সম্প্রতি রাজধানীর নিকেতনে তার নতুন পার্লারের প্রচারণা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন অপু বিশ্বাস।
সেখানে ঈদ ও ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ অফারের ঘোষণা দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত নানা প্রসঙ্গেও খোলামেলা মন্তব্য করেন তিনি।অনুষ্ঠানে ভালোবাসা দিবস নিয়ে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস জানান, সময়ের সঙ্গে সঙ্গে তার কাছে ভালোবাসার অর্থও বদলে গেছে। এখন তার কাছে ভালোবাসা মানে কাজ, ব্যবসা আর দর্শক। অভিনেত্রীর ভাষ্যে, ‘এই মুহূর্তে আমার কাছে প্রতিটি দিনই ভালোবাসা দিবস। দর্শকদের জন্য ভালো কাজ করা আর নিজের ব্যবসাকে এগিয়ে নেওয়াই এখন আমার মূল লক্ষ্য।’সাবেক স্বামী ও ঢালিউড তারকা শাকিব খানের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি আছে কি না—এমন প্রশ্নের জবাবে স্পষ্ট উত্তর দেন অপু।
তিনি বলেন, “ভালোবাসা দিবসে শাকিব খানের সঙ্গে আমার কোনো আলাদা স্মৃতি নেই। দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে অনেক বিষয়ই সাধারণ হয়ে গেছে। শুটিং সেটেই বহুবার ভালোবাসা দিবস কেটেছে।তখন ডিরেক্টরের ‘অ্যাকশন’ বলার পর সংলাপটাই ছিল আমাদের ভালোবাসার মুহূর্ত।”এ সময় দর্শকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন অপু বিশ্বাস। তিনি জানান, রক্তের সম্পর্ক না থাকলেও ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন তিনি পেয়েছেন, তা সত্যিই অতুলনীয়। এই ভালোবাসা আজীবন ধরে রাখতে চান তিনি। পাশাপাশি তার কাজ ও ব্যবসার সফলতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন এই অভিনেত্রী।




