অনলাইন ডেস্ক : রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িত দুই শুটারকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২৭ মার্চ) র্যাবের পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। খুদে বার্তায় বলা হয়- গ্রেপ্তার দুই ব্যক্তি এই ‘কিলিং মিশনে’ অংশগ্রহণ করেন। তারা ‘শুটার’ ছিলেন। এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাবে র্যাব-৪।গত বছরের ১৭ নভেম্বর মিরপুর-১২ নম্বরের বি ব্লকে ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামের একটি দোকানে হেলমেট ও মুখোশ পরা তিন সশস্ত্র দুর্বৃত্ত কিবরিয়াকে গুলি করে হত্যা করে।ঘটনার পর পালানোর সময় ব্যাটারিচালিত অটোরিকশায় উঠলে দ্রুত না চালানোর কারণে চালক আরিফ হোসেনের (১৮) কোমরে গুলি করে তারা। এ সময় স্থানীয়রা জনি ভূঁইয়া (২৫) নামের একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার ওরফে দীনা পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় জনিসহ পাঁচজনকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন— সোহেল ওরফে পাতা সোহেল ওরফে মনির হোসেন (৩০), সোহাগ ওরফে কালু (২৭), মাসুম ওরফে ভাগিনা মাসুম (২৮) ও রোকন (৩০)। এছাড়া অজ্ঞাত পরিচয় আরও সাত-আটজন এ হত্যাকাণ্ডে জড়িত বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পল্লবী থানা পুলিশ মামলাটি তদন্ত করছে।





