৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

যশোরে আবাসিক হোটেল থেকে ঢাকার ব্যবসায়ীর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক: যশোর: যশোরে আবাসিক হোটেলের কক্ষ থেকে হারুন অর রশিদ (৫৪) নামে ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুর ১টার দিকে শহরের প্রাণকেন্দ্র দড়াটানার ‘হোটেল প্রিন্স’ এর ৩০৩ নম্বর কক্ষের দরজা ভেঙে হারুনের লাশ উদ্ধার করা হয়। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মালোপাড়ার সামাদ বাবুর্চির ছেলে এবং প্লাস্টিক ও কাঁচামাল ব্যবসায়ী।
ঢাকার মিটফোর্ড এলাকায় ‘শামীম প্লাস্টিক হাউজ’ নামে তার একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।হোটেলের ওয়ার্ড বয় আব্দুল আওয়াল জানান, গত ৩ মার্চ হারুন অর রশিদ হোটেলের ৩০৩ নম্বর কক্ষে ওঠেন। সর্বশেষ বুধবার (০৪ মার্চ) সন্ধ্যায়ও তাকে কক্ষে দেখা যায়। বৃহস্পতিবার দুপুরে কক্ষ চেক-আউটের সময় পাওনা না পেয়ে এবং বারবার দরজায় ধাক্কা দিয়েও কোনো সাড়াশব্দ না পেয়ে তারা পুলিশে খবর দেন।যশোর পুরাতন কাসবা পুলিশ ফাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।এসময় বিছানার ওপর হারুন অর রশিদকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ জানায়, নিহতের মোবাইল ফোনটি ‘ফ্লাইট মুড’ করা ছিল, যার ফলে স্বজনরা তার সাথে যোগাযোগ করতে পারছিলেন না। এসআই ওয়াহিদুজ্জামান ফোনের ফ্লাইট মুড অফ করার পরপরই একটি কল আসে। ফোনটি রিসিভ করলে ফোনের অপর প্রান্ত থেকে আসাদুজ্জামান নামে এক ব্যক্তি নিজেকে নিহতের জামাতা বলে পরিচয় দেন।শ্বশুরের মৃত্যুর সংবাদ পেয়ে তারা মুন্সীগঞ্জ থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।প্রাথমিক অবস্থায় মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কিছু তা নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন