১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মেজর পরিচয়ে চাঁদাবাজির সময় যুবলীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাইমচর উপজেলায় সেনাবাহিনীর মেজর পরিচয়ে চাঁদাবাজির সময় কামাল হোসেন গাজী (৪৮) নামে এক প্রতারককে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তিনি কচুয়া উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সদরের আলগী বাজারে লাভলী মেডিকেল হল নামে একটি ওষুধের দোকানে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।গ্রেপ্তার কামাল কচুয়া উপজেলার করইয়া গ্রামের আবদুল গফুর গাজীর ছেলে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত সোমবার সন্ধ্যায় আলগী বাজারের ব্যবসায়ী বিমল চন্দ্র দেওয়ানের দোকানে প্রবেশ করে নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেন কামাল হোসেন। দোকানের নথিপত্রে ত্রুটি রয়েছে দাবি করে এক লাখ টাকা জরিমানার ভয় দেখান তিনি। পরে সেনা টহল দলের খরচ ও বকশিসের কথা বলে ১১ হাজার টাকা আদায় করেন।
টাকা নিয়ে দ্রুত চলে যাওয়ার সময় তার আচরণে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় সেনাবাহিনীর কোনো পরিচয়পত্র দেখাতে না পারায় এবং অসংলগ্ন বক্তব্য দেওয়ায় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়।ওসি মোহাম্মদ নাজমুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত কামালকে হেফাজতে নেয়। সেনাবাহিনীর মেজর পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তার নামে মামলা করা হয়েছে।মঙ্গলবার সকালে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন