নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রামট্রাকের ধাক্কায় উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন (৪২) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টায় মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।কামাল উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত মজিবুল হকের ছেলে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ব্যবসায়িক কাজ শেষে ব্যক্তিগত গাড়িযোগে বড়তাকিয়া ফিরছিলেন কামাল। নিপ্পন কারখানার সামনে আসামাত্র সামনে থেকে আসা একটি ড্রামট্রাক ধাক্কা দিলে কামালের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি গাড়িতে আটকে পড়েন। পরে গাড়ি কেটে তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী নাঈম সরকার জানান, কামাল ভাই গাড়ি নিয়ে একপাশ দিয়ে যাচ্ছিলেন, অপর দিক থেকে একটি ড্রামট্রাক আসছিল। চোখের পলকে ড্রামট্রাকটি কামাল ভাইয়ের গাড়িকে ধাক্কা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। লোকজন ছুটে এসে চালককে আটক করে। এটা দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড; খতিয়ে দেখা প্রয়োজন।জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, যুবদল নেতা কামালের গাড়িকে ধাক্কা দেওয়া গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





