১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মাঠে ঢুকে মেসিকে মাটিতে ফেলে দিলেন দর্শক

স্পোর্টস ডেস্ক : মাঠের লড়াইয়ে জয় পেলেও অনাকাঙ্ক্ষিত এক ঘটনার সাক্ষী হলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। পুয়ের্তো রিকোতে ইন্দিপেন্দিয়েন্তে দেল ভালের বিপক্ষে ইন্টার মিয়ামির প্রীতি ম্যাচ চলাকালীন এক দর্শক হঠাৎ মাঠে ঢুকে মেসিকে জাপ্টে ধরলে তিনি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। তবে স্বস্তির বিষয় এই যে, বড় কোনো আঘাত পাননি তিনি।ম্যাচটিতে বিরতির পর বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন মেসি।খেলা শেষ হওয়ার মাত্র দুই মিনিট বাকি থাকতে মাঠে বেশ কয়েকজন ভক্তের অনুপ্রবেশ ঘটে। মেসি যখন একজন ভক্তের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত ছিলেন, তখনই অন্য এক দর্শক এসে তার কোমর জড়িয়ে ধরেন। নিরাপত্তাকর্মীরা দ্রুত ছুটে এলে ধাক্কাধাক্কির এক পর্যায়ে মেসি, ওই দর্শক এবং একজন নিরাপত্তারক্ষী তিনজনই মাটিতে লুটিয়ে পড়েন।নিরাপত্তাকর্মীদের বাড়তি দল আসার পর মেসি স্বাভাবিকভাবে উঠে দাঁড়ান এবং মাঠের অন্য প্রান্তে চলে যান।দেখে মনে হয়েছে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।
প্রীতি ম্যাচটিতে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মিয়ামি। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন মেসি নিজেই, আর দলের পক্ষে অন্য গোলটি করেন সান্তিয়াগো মোরালেস। উল্লেখ্য, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গত ১৩ ফেব্রুয়ারি এই ম্যাচটি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়।ডেভিড বেকহামের মালিকানাধীন ইন্টার মিয়ামি তাদের এমএলএস মৌসুমের শুরুটা ভালো করতে পারেনি। গত সপ্তাহে এলএএফসি-এর কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে তারা। আগামী রোববার লিগ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটির মুখোমুখি হবে ইন্টার মিয়ামি।

আরও পড়ুন