৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মহানগরে বিশেষ অভিযানে ‘শীর্ষ সন্ত্রাসী’ বুইশ্যার ভাই শাবু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরে বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (উত্তর) পরিচালিত এক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শাহাব উদ্দিন শাবু (৩৪) ও মো. পারভেজ (৩৭)। শাহাব উদ্দিন শাবু ভোলার দৌলতখান উপজেলার চরপাতা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অপর গ্রেফতার পেশাদার ছিনতাইকারী মো. পারভেজ কক্সবাজারের চকরিয়া উপজেলার দুলাহাজারা এলাকার বাসিন্দা এবং চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে মধ্যে একজন অস্ত্র মামলার আসামি এবং শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার ভাই।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার শাহাব উদ্দিন শাবু ছিনতাইকারী চক্রের মূল হোতা এবং কুখ্যাত সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার ভাই। তার বিরুদ্ধে চান্দগাঁও ও পাঁচলাইশ থানাসহ সিএমপির বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, হত্যা চেষ্টা, চুরি, ছিনতাই ও দ্রুত বিচার আইনে মোট ছয়টি মামলা রয়েছে। অপর গ্রেফতার মো. পারভেজের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি মাদক মামলা রয়েছে।
পুলিশ জানায়, সিএমপির ডিবি উত্তর বিভাগের টিম-১ এর এসআই ফজলে রাব্বী কায়সারের নেতৃত্বে একটি দল গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায়। রাত সাড়ে ১১টার দিকে পাঁচলাইশ থানার আরাকান সোসাইটি প্রবেশগেট এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন