৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বকাপের আনন্দ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো : জামায়াত আমির

অনলাইন ডেস্ক : আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হয়েছে আজ। এতে বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও তা হচ্ছে না। ভারতে বিশ্বকাপ খেলতে না চাওয়ায় এই বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম বাদ দিয়েছে আইসিসি। পরিকল্পিকভাবে বিশ্বকাপের আনন্দ থেকে বাংলাদেশের জনগণকে বঞ্চিত করা হয়েছে বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এমন মন্তব্য করেন জামায়াত আমির। তিনি মনে করেন, বাংলাদেশ ফিরবে মাথা উঁচু করে-গর্ব নিয়ে, শক্তি নিয়ে, সম্মান নিয়ে। ফেসবুক পোস্টে তিনি বাংলাদেশের ক্রিকেটার সঙ্গে সমব্যথী বলে জানান।ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, ‘আজ আইসিসি টি-২০ বিশ্বকাপ শুরু হলো।
এমন দিনে স্বাভাবিকভাবেই আমাদের চোখ থাকতো টিভি স্ক্রিনে, সবাই অপেক্ষা করতাম টাইগারদের মাঠের লড়াই আর বিজয়ের আনন্দ দেখতে। দুঃখের বিষয়, এই আন্তর্জাতিক মঞ্চে আজ বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমাদের ক্রিকেটারদের সঙ্গে জাতিকেও অপমান করা হয়েছে। লাল-সবুজের হয়ে উল্লাস করার মুহূর্ত থেকে আমাদেরকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো।
বাংলাদেশের ক্রিকেটারদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমি তোমাদের সঙ্গে সমব্যথী। দেশের মর্যাদা, দেশের স্বপ্নের সঙ্গে কোনো আপস নয়। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা হার মানতে পারি না। দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশকে আমরা আন্তর্জাতিক ইভেন্টে মর্যাদার আসনে নিয়ে যাব, ইনশাআল্লাহ। বাংলাদেশ ফিরবে মাথা উঁচু করে-গর্ব নিয়ে, শক্তি নিয়ে, সম্মান নিয়ে।

আরও পড়ুন