অনলাইন ডেস্ক : মিসরের মিনিয়া প্রদেশে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ৪ জন নিহত হয়েছেন। খবর গালফ নিউজের। মিনিয়ার উত্তরে বেনি মাজর জেলার একটি সড়কে গত রবিবার দুর্ঘটনাটি ঘটে। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর বর-কনে, কনের বোন ও আরো একজনকে নিয়ে গাড়িটি তাদের নতুন বাড়ির দিকে যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই কনে ও তার বোনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় বর ও চালককে, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে বরও মারা যান। রাতেই তাদের বিয়ে উদযাপনের কথা ছিল।ঘটনার সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে গোটা দেশ শোকাহত।
সামাজিক মাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে দেখা যায় কনের বাবা কান্নায় ভেঙে পড়েছেন, স্মৃতি আঁকড়ে ধরে বলছেন, ‘আমি তোমার জন্য আনন্দ করার সুযোগটুকুও পেলাম না, আমার মেয়ে… আমার আদরের সন্তান।’ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছেন তদন্ত কমিটি।





