২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিয়ের প্রলোভনে হেনস্তা: আবারও গ্রেপ্তার কণ্ঠশিল্পী নোবেল

বিনোদন ডেস্ক : বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা এবং আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করার অভিযোগে বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে আবারও গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
নোবেলকে বর্তমানে থানা হাজতে রাখা হয়েছে। ডেমরা থানার ওসি তাইফুর রহমান এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রাখার অভিযোগে মামলা রয়েছে। মামলার বাদী আনাননিয়া শবনম রোজ গত বছরের ১৩ আগস্ট অভিযোগ দায়ের করেন। চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অন্য আসামিরা হলেন নোবেলের স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, তার মা নাজমা হোসেন এবং সহকারী মুনেম শাহ সৌমিক।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, দুই পরিবারের সম্মতিতে রোজের সঙ্গে নোবেলের বাগদান সম্পন্ন হয়েছিল। পরে নোবেলের ডেমরার বাসায় স্টুডিও কক্ষে আটকে রেখে জোরপূর্বক শারীরিক সম্পর্কের চেষ্টা করা হয়। বাধা দিলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং মোবাইল ফোনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়া হয়। বাদীর দাবি, প্রেমের আড়ালে বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ১৩ লাখ টাকার বেশি অর্থ নেওয়া হয়েছে।
এর আগে, নোবেলের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৯ মে ডেমরা থানার আরেক মামলায় ধর্ষণ ও মারধরের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে কারাগারে বিয়ে সম্পন্ন হওয়ার পাঁচ দিন পর জামিন পান।
ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযান চালিয়ে প্রধান আসামি নোবেলকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন