বিনোদন ডেস্ক: প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেল, তাঁর মা ও স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। অভিযোগে বলা হয়েছে, আনাননিয়া শবনম রোজ নামে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে তার প্রায় ১৩ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)–এর দাখিল করা তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে এ আদেশ দেন।বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম জানান, আদালত গায়ক নোবেল, তাঁর মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানা—এই পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।মামলার বাদী আনাননিয়া শবনম রোজ অভিযোগ করেছেন, প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভন দেখিয়ে নোবেল তাঁর কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা নেন এবং পরে তা আত্মসাৎ করেন।
অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেওয়া হয়। অন্য আসামিরা এ কাজে সহযোগিতা করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।বাদীপক্ষের আইনজীবী আরও জানান, গত বছরের ১৩ আগস্ট আদালতে মামলাটি দায়ের করা হলে বিচারক পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
তদন্ত শেষে পিবিআইয়ের এসআই নুরুজ্জামান গত ৭ জানুয়ারি অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। সোমবার মামলার ধার্য দিনে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।এর আগে নোবেল ‘ধর্ষণ ও মারধর’ অভিযোগে ডেমরা থানার একটি মামলায় ২০২৫ সালের ১৯ মে গ্রেপ্তার হয়েছিলেন। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর, ২৪ জুন তিনি জামিন পান।
এ বিষয়ে বক্তব্য জানতে নোবেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে গণমাধ্যমকে তার এক সহকারী অভিযোগটিকে ‘গুজব’ বলে দাবি করেন। পরে আবার ফোন করা হলে জানানো হয়, নোবেল রিহার্সেলে ব্যস্ত আছেন এবং সাক্ষাৎকারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।





