নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরে বিভিন্ন দেশের বিপুল পরিমাণ জাল মুদ্রাসহ এক পেশাদার জাল নোট কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৭ এর সদস্যরা। নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন আহমদিয়া হাউজিং সোসাইটি এলাকা থেকে মো. সোহেল চৌধুরী (৪০) নাামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সোহেল চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার আবুল খায়ের চেয়ারম্যান বাড়ির মৃত দেলোয়ার হোসেন চৌধুরীর ছেলে।
র্যাব-৭, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন পাঠানপাড়া আহমদিয়া হাউজিং সোসাইটির জাহানারা বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে কয়েকজন জাল নোট ব্যবসায়ী বিভিন্ন দেশের জাল মুদ্রা মজুদ রেখে বিক্রির প্রস্তুতি নিচ্ছে। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ভবনের তৃতীয় তলা থেকে মো. সোহেল চৌধুরীকে গ্রেফতার করা হয়।এ সময় তার কাছ থেকে ৭৪ হাজার ৫০০ নকল ভারতীয় রুপি, ১০০ নকল সংযুক্ত আরব আমিরাতের দিরহাম এবং ১ হাজার ৭০০ নকল মার্কিন ডলার উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত জাল মুদ্রা সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।




