২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেসবুকে পরিচয়, ধর্ষণের পর গোপন ভিডিও ধারণ করে ২ লাখ টাকা দাবি

অনলাইন ডেস্ক: নরসিংদীতে আশরাফুল ইসলাম রোহান (২৪) নামের এক তরুণের বিরুদ্ধে এক তরুণীকে (২২) ধর্ষণের পর গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভুক্তভোগী তরুণী বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় নারী নির্যাতন দমন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
অভিযুক্ত আশরাফুল ইসলাম রোহান সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুরা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। বর্তমানে তিনি শহরের ঘোড়াদিয়া এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়, তিন মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্ত রোহানের সঙ্গে ভুক্তভোগী তরুণীর পরিচয় হয়। তখন রোহান নিজেকে একজন ফটোগ্রাফার হিসেবে পরিচয় দেন। সে সুবাদে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তারই পরিপ্রেক্ষিতে গত সোমবার বিকেলে স্থানীয় নাগরিয়াকান্দি সেতু সংলগ্ন গোল্ডেন স্টার পার্কে দুজন দেখা করেন।
তখন ওই তরুণীর কিছু ছবি তুলে দেন অভিযুক্ত রোহান। সেই ছবি নিতে পরদিন মঙ্গলবার বিকেলে রোহানের বাসায় গেলে ওই তরুণীকে ধর্ষণ করেন এবং গোপনে মোবাইলে ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও ভুক্তভোগী তরুণীকে দেখিয়ে দুই লাখ টাকা দাবি করেন। অন্যথায় সেই ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়া হুমকি দিয়ে সন্ধ্যায় বাসা থেকে বের করে দেন অভিযুক্ত রোহান।
এজাহারে আরো বলা হয়, এ ঘটনায় রাতেই ওই তরুণী নরসিংদী সদর মডেল থানায় অভিযোগ দায়ের করলে গত বুধবার রাতে রেলস্টেশন এলাকা থেকে অভিযুক্ত রোহানকে আটক করে পুলিশ। পরে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠান।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী। পরে অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত রোহানকে আটক করে পুলিশ।তিনি আদালতে ঘটনার সত্যতা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিলে তাকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন