৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঞ্জাবে আম আদমি পার্টির নেতাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক: ভারতের পাঞ্জাব রাজ্যে ক্ষমতাসীন দল আম আদমি পার্টির (এএপি) নেতা লাকি ওবেরয়কে শুক্রবার প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। অজ্ঞাত পরিচয়ের বাইকে থাকা হামলাকারীরা জালন্ধরের একটি গুরুদুয়ারার বাইরে তাকে লক্ষ্য করে গুলি চালায়।প্রাথমিক তথ্যমতে, মডেল টাউনের ওই গুরুদুয়ারার বাইরে ওবেরয়ের ওপর একাধিক গুলি ছোড়া হয়। তিনি তখন নিজের গাড়িতে ছিলেন এবং পাঁচটি গুলি তার শরীরে লাগে।তাৎক্ষণিকভাবে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।প্রাথমিক বিবরণে বলা হয়, গুরুদুয়ারার বাইরে গাড়ি পার্ক করার সময় বাইকে আসা হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।লাকি ওবেরয়ের স্ত্রী আগে এএপির প্রার্থী হিসেবে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে তিনি সফল হননি।জালন্ধরে ওবেরয়ের দিবালোকে হত্যাকাণ্ডের পর পাঞ্জাব বিধানসভার বিরোধীদলীয় নেতা প্রতাপ সিং বাজওয়া রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের নেতৃত্বে পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘ভেঙে পড়েছে’।এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ভগবন্ত মানের শাসনে পাঞ্জাবে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। জালন্ধরের একটি গুরুদুয়ারার বাইরে এএপি নেতা লাকি ওবেরয়ের প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ড ভয়াবহ বাস্তবতাই তুলে ধরে—যদি শাসক দলের নেতারাই নিরাপদ না থাকেন, তবে সাধারণ মানুষের জন্য আর কী আশা থাকে?’

আরও পড়ুন